
রাজধানীর মৌচাকে সন্ত্রাসীদের ছুড়িকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা খুন।
-
Reporter Name - Update Time : ১২:১৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- ১০০ Time View

নিজস্ব প্রতিবেদক-
রাজধানীর রমনা থানার মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনের একটি গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রমনা থানার সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।
সোমবার (৮ জুন) রাত আনুমানিক রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা ভাগিনা মোঃ মোবারক হোসেন আকাশ জানান, রাত ৮টার দিকে রমনার মৌচাক আনারকলি মার্কেটের সামনে রমনা থানার যুবদলের সভাপতি দিদারুল ইসলাম বাবু এবং লুৎফুরের নেতৃত্বে অজ্ঞাত ১০–১২ জন ব্যক্তি তাকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত বিল্লাল হোসেন মালিবাগের বাগানবাড়ি এলাকার ৫১২ নম্বর বাসার মৃত ইউসুফ তালুকদারের সন্তান। তিনি পেশায় ইট-বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাজাহার বলেন, সালিশকে কেন্দ্র করে বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
জানা গেছে, বিল্লাল হোসেন তালুকদার রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।



